কভার লেটার কী? জেনে নিন এর গুরুত্ব ও ভালো কভার লেটার লেখার জন্য কিছু টিপস
কভার লেটার কী?
কভার লেটার হলো এমন একটি চিঠি, যা আপনি চাকরির আবেদনের সময় জীবনবৃত্তান্ত বা রেজ্যুমের সঙ্গে পাঠানো হয়। কভার লেটারের মাধ্যমে একজন চাকরি প্রার্থী নিজেকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং নিয়োগকর্তাকে বোঝাতে পারেন যে কেন তিনি এই পদের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী।
![]() |
| জীবন বৃত্তান্তের সঙ্গে কভার লেটার পাঠানো অত্যন্ত জরুরী |
কভার লেটারের গুরুত্ব
একটি ভালো কভার লেটার একজন চাকরি প্রার্থীকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করে তোলে এবং তার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। এর প্রধান গুরুত্বগুলো নিচে দেওয়া হলোঃ
প্রথম ভালো ধারণা তৈরি করা
নিয়োগকর্তা একজন চাকরি প্রার্থীর কভার লেটার দেখেই তার সম্পর্কে প্রাথমিক ধারণা নেন। একটি আকর্ষণীয় এবং পেশাদার কভার লেটার শুরুতেই তাদের মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করে।
ব্যক্তিগত যোগ্যতা তুলে ধরা
একজন চাকরি প্রার্থী সিভি কিংবা রেজ্যুমেতে সাধারণত তার দক্ষতা এবং কাজের অভিজ্ঞতা সংক্ষিপ্ত আকারে লিখে থাকে। কভার লেটার তাকে সেই দক্ষতা ও কাজের অভিজ্ঞতাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার সুযোগ তৈরি করে দেয়। তিনি দেখাতে পারেন কীভাবে তার পূর্ববর্তী অভিজ্ঞতা এবং দক্ষতা এই নির্দিষ্ট পদের জন্য উপযোগী।
পদের প্রতি চাকরি প্রার্থীর আগ্রহ প্রকাশ
কভার লেটার থেকে বোঝা যায় যে একজন চাকরি প্রার্থী কেবল চাকরির জন্য আবেদন করছেন না, বরং তিনি এই নির্দিষ্ট কোম্পানি এবং পদের প্রতি বিশেষভাবে আগ্রহী। যখন একটি কভার লেটারে কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম, তাদের কাজ এবং কেন চাকরি প্রার্থী সেই কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য কাজ করতে চান, তা উল্লেখ করেন, তখন নিয়োগকর্তা বোঝেন যে তিনি এই কাজের জন্য কতটা সিরিয়াস।
যোগাযোগের দক্ষতা প্রদর্শন
একটি ভালো কভার লেটার একজন চাকরি প্রার্থীর লিখিত যোগাযোগের দক্ষতা তুলে ধরে। এতে বোঝা যায় তিনি কতটা স্পষ্ট এবং পেশাদারভাবে নিজেকে প্রকাশ করতে পারেন। এই দক্ষতা প্রায় সব চাকরির জন্যই গুরুত্বপূর্ণ।
দুর্বল দিকগুলো ব্যাখ্যা করার সুযোগ
যদি একজন চাকরি প্রার্থীর সিভি কিংবা রেজ্যুমেতে কোনো দুর্বলতা থাকে (যেমন—কিছু সময় কাজের বাইরে থাকা বা ভিন্ন ধরনের পেশার অভিজ্ঞতা), তাহলে কভার লেটার আপনাকে সেগুলো ব্যাখ্যা করার সুযোগ দেয়। তিনি বোঝাতে পারেন কেন এই ভিন্ন অভিজ্ঞতা নিয়োগকর্তার জন্য সহায়ক হতে পারে।
কভার লেটার লেখার কিছু টিপস
নির্দিষ্ট চাকরির জন্য কাস্টমাইজ করুন: প্রতিটি আবেদনের জন্য আলাদা কভার লেটার লিখুন। চাকরির বিজ্ঞপ্তিতে উল্লেখিত মূল চাহিদাগুলো এবং কোম্পানির নাম উল্লেখ করুন।
সংক্ষিপ্ত এবং স্পষ্ট থাকুন: কভার লেটার এক পৃষ্ঠার বেশি হওয়া উচিত নয়। অপ্রয়োজনীয় তথ্য এড়িয়ে চলুন এবং সরাসরি মূল কথায় আসুন।
ভুল-ত্রুটি মুক্ত রাখুন: লেখার পর ভালোভাবে প্রুফরিড করুন। বানান বা ব্যাকরণের ভুল যেন না থাকে।
শক্তিশালী শুরু এবং শেষ: একটি আকর্ষণীয় সূচনা দিয়ে শুরু করুন এবং একটি ইতিবাচক সমাপ্তি দিয়ে শেষ করুন। শেষে আপনার যোগাযোগের তথ্য অন্তর্ভুক্ত করুন এবং জানান যে আপনি সাক্ষাতকারের জন্য আগ্রহী।
সংক্ষেপে, কভার লেটার শুধু একটি বাড়তি নথি নয়, বরং এটি আপনার ব্যক্তিত্ব, আগ্রহ এবং যোগ্যতাকে তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম। তাই চাকরির আবেদনের সময় এটি গুরুত্ব সহকারে লেখা উচিত।
